পটার ওয়াস্প (বোলতা)-এর বাসায় মথের ক্যাটারপিলার!

Author: Jahir Rayhan

©Rayhan & Sayema

কুমোরপোকা বা পটার ওয়াস্প (বোলতা) এর বাসায় মথের ক্যাটারপিলার!
অবিশ্বাস্য হলেও এটা সত্যি। এটা ঘটে। প্রকৃতির এক অভিনব কায়দা এটি। বোলতাটা কোনো ধরণের পটার ওয়াস্প আর ক্যাটারপিলারটা Erebidae ফেমিলির মথের। ঠিক কেনো এটি ঘটে তার উত্তর বেশ মজার। এখানে জড়িত আছে অনেক লম্বা গল্প। প্রাকৃতিক নির্বাচনের গল্প। আর তার চমকপ্রদ ফলাফল।
বিভিন্ন মথের ক্যাটারপিলাররা বিভিন্ন উদ্ভিদের জন্য পেস্ট হিসেবে বিবেচিত আমরা সবাই জানি। কিন্তু উদ্ভিদ কি পুরোপুরিভাবে জড়? পুরোপুরিভাবে সংজ্ঞাহীন? উত্তর হচ্ছে না। উদ্ভিদও মনের ভাষা প্রকাশ করে। আমরা বুঝি না। কিন্তু যার বা যাদের বোঝার তারা ঠিকই বুঝতে পারে। যখন কোনো উদ্ভিদ এরকমভাবে ক্যাটারপিলার দ্বারা আক্রান্ত হয় তখন উদ্ভিদদেহের মেটাবলিক পাথওয়েতে পরিবর্তন আসে আর উদ্ভিদরা এক রকমের উদ্বায়ী পদার্থ বাতাসে ছেড়ে দেয়। কেনো? তার উত্তর সাধারণ ভাষায় বলছি। উদ্ভিদরা আসলে এই উদ্বায়ী পদার্থগুলো ছাড়ে বোলতাদের কাছে মেসেজ বা খবর পাঠানোর জন্য যে ‘আমার গায়ে ক্যাটারপিলার আছে। তুমি আসো আর একে তোমার কাজে লাগাও’। যেই না মেসেজ পায় বোলতাগুলো অমনি ওরা উদ্বায়ী পদার্থের সংকেত বুঝে উদ্ভিদের কাছে চলে আসে ও ক্যাটারপিলারটাকে হুল ফুটিয়ে প্যারালাইজড করে ফেলে বা মেরে ফেলে। এতে রক্ষা পায় উদ্ভিদরা ক্যাটারপিলারের হাত থেকে। বোলতা আর উদ্ভিদ একে অন্যের কি ঘনিষ্ঠ উপকারী বন্ধু! অবাক লাগবার মতো। কিন্তু প্রশ্ন আসে ক্যাটারপিলারগুলো পরে কি হয়? বা কোথায় যায়? আর এরকম উদ্ভিদকে সাহায্য করে বোলতাদেরই বা কি লাভ? এর উত্তর আরো মজার। এখানে উদ্ভিদের যেমন লাভ সে রক্ষা পায় ক্যাটারপিলারের হাত থেকে, বোলতাদেরও আছে বিশাল লাভ। বোলতারা এ ক্যাটারপিলারগুলোকে তাদের বাসায় তুলে আনে বা গাছেই রেখে দেয়। তারপর ওদের লম্বা অভিপজিটর দিয়ে ক্যাটারপিলারের দেহ ছিদ্র করে ডিম পাড়ে অথবা কখনো ক্যাটারপিলারের ত্বকেই ডিম পাড়ে। আর ডিম ফুটে বাচ্চা বের হয়ে বাচ্চাগুলো ক্যাটারপিলারকে খেয়ে নেয়, অর্থাৎ পুষ্টি পায়। মোদ্দাকথা এখানে এ ক্যাটারপিলারগুলো বোলতাদের ডিমের নিরাপদ হ্যাচারি আর বোলতার বাচ্চাদের পুষ্টির উৎস হিসেবে কাজ করে। এই জিনিসটাকে জীববিজ্ঞানের ভাষায় বলা হয় ট্রাই-ট্রফিক ইন্টারএকশন।
কারণ এখানে উদ্ভিদ (উৎপাদক/Producer), ক্যাটারপিলার (প্রথম স্তরের খাদক / Primary consumer) ও বোলতা (দ্বিতীয় স্তরের খাদক/ Secondary consumer)- বাস্তুতন্ত্রের এই তিন পুষ্টি স্তর বা ট্রফিক লেভেলের মধ্যে গড়ে উঠেছে এ সম্পর্ক।

Leave a comment

Design a site like this with WordPress.com
Get started